
সামসুদ্দিন তুহিন:মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় টঙ্গীবাড়ী উপজেলা অডিটোরিয়ামে বর্ণাঢ্য ও মর্যাদাপূর্ণ আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানটি ছিল ভাবগম্ভীর, আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে পরিপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুরাইয়া মমতাজ। সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফ এবং উপজেলা প্রকৌশলী শাহ মোয়াজ্জেম হোসেন যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ টঙ্গীবাড়ী উপজেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কর সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক অলিউল্লাহ খান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোল্লা আমীর হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের খ্যাতিমান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার কাজী, আঃ সালাম নিরু ভুইঁয়া, মোফাজ্জল হোসেন (কমান্ডার), শহীদ বেপারী, শাহজাহান সরকারসহ আরও অনেকে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় নেতা মোঃ সোলায়মান মাদবর।
এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টঙ্গীবাড়ী উপজেলা শাখার সভাপতি মনিরুল হক টিটু, সহ-সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক ইখতিয়ার হোসেন শিকদার ডলার, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন বেপারী, দপ্তর সম্পাদক আরিফুর রহমান সরদার এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সামসুদ্দিন তুহিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বীর মুক্তিযোদ্ধা সন্তানরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।