
সামসুদ্দিন তুহিন:মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় তিন যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার যশলং ইউনিয়নের দরজার পাড় এলাকায় দিঘীরপাড়–মুন্সীগঞ্জ পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকেরা হলেন—
১. সাকিব খান (৩২), পিতা: শাহ আলম খান, গ্রাম: বেলুয়া।২. মোঃ সানিয়াত শেখ (২৫), পিতা: মোঃ আসলাম শেখ, গ্রাম: পুরাপাড়া।৩. মোঃ তুরজয় মাঝি (২৭), পিতা: বাদল মাঝি, গ্রাম: মাঝিবাড়ী।
নিহত তিনজনই টঙ্গীবাড়ী থানার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা একটি ১৫০ সিসি মোটরসাইকেল (ঢাকা মেট্রো-ল ৫৫-৬২৪২) যোগে দিঘীরপাড় থেকে আলদী বাজারের দিকে দ্রুতগতিতে যাচ্ছিলেন। পথিমধ্যে দরজার পাড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি কাঁঠাল গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিনজনই ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন।
ঘটনাস্থলেই সাকিব খান ও সানিয়াত শেখের মৃত্যু হয়। অপরদিকে গুরুতর আহত তুরজয় মাঝিকে স্থানীয়রা উদ্ধার করে মুন্সীগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর পেয়ে দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।