মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সবুজ শেখ ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার পূর্বক তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে টংগীবাড়ি উপজেলার বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আল মামুন ও সহকারী প্রধান শিক্ষক সেলিম হোসেন। বক্তারা সহকারী শিক্ষক সবুজ শেখ ও তাঁর পরিবারের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি হামলার ঘটনায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত শুক্রবার বেলা অনুমান সাড়ে ১১টার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ জামাল উদ্দিন মিয়া, করিম উদ্দিন, হাফিজ উদ্দিন ও গিয়াস উদ্দিনসহ আরও বেশ কয়েকজন সবুজ শেখের নিজ জায়গায় প্রবেশ করে তাঁর নির্মিত রান্নাঘর ভাঙচুর করে।
এ সময় সবুজ শেখ ও তাঁর পরিবারের সদস্যরা বাধা দিলে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। পরবর্তীতে তারা ক্ষিপ্ত হয়ে সহকারী শিক্ষক সবুজ শেখ, তাঁর মা ও বোন’কে কিল, ঘুষি, লাথি ও চড় থাপ্পর মেরে তাদের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। আহতদের চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
এ ঘটনায় ভুক্তভোগী সহকারী শিক্ষক সবুজ শেখ বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা করেন।