নিজস্ব প্রতিবেদক: ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের খাগাইল এলাকার মোহাম্মদ নগরে শতাধিক সাধারণ মানুষ বর্তমানে চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয় অভিযোগে জানা যায়, আওয়ামী দোসর হিসেবে পরিচিত এক শামীম (৩৫) ও তার সহযোগী মিজান (৩০), আব্দুল জব্বার এবং আবুল কাশেম দীর্ঘদিন ধরে এলাকার একটি সমাজের নির্ধারিত রাস্তা দখলের পাঁয়তারা করে আসছে।
ঘটনার বিবরণে জানা যায়, অদ্য বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটের সময় উক্ত বিবাদীরা জোরপূর্বক সমাজের প্রধান রাস্তা ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে দেয়। ফলে খাগাইল এলাকার মোহাম্মদ নগরের বাসিন্দারা ঘর থেকে বের হতে পারছেন না। নারী, শিশু ও বৃদ্ধসহ শতাধিক মানুষ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে।
এসময় স্থানীয় হাজী মোঃ আবুল কালাম (৫৩), পিতা-মৃত আবুল কাশেম হাওলাদার, মাতা-মৃত সামেলা বেগম, সাং-খাগাইল (আজোহা মসজিদ সংলগ্ন), থানায় উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, উপরোক্ত বিবাদীরা আমাদের সমাজের রাস্তা জোর করে বন্ধ করে দিয়েছে। এতে এলাকাবাসীর যাতায়াতে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হয়েছে। এমনকি আমাকে ও এলাকাবাসীকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে।”
এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো ব্যক্তিগত রাস্তা নয় — বরং বহু বছর ধরে সমাজের সকল মানুষের চলাচলের একমাত্র পথ। অথচ একটি প্রভাবশালী মহল নিজেদের আধিপত্য বিস্তারের জন্য জোরপূর্বক তা দখল করে সমাজে আতঙ্ক সৃষ্টি করেছে। ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও বিবাদীরা কোনো প্রকার আলোচনায় রাজি হয়নি।
পরবর্তী তে আইনানুগ সহায়তার আশায় হাজী মোঃ আবুল কালাম কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।এ বিষয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে সমাজের নির্ধারিত রাস্তা পুনরায় উন্মুক্ত করে জনগণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা হয়।
ভুক্তভোগীরা বলেন, আমরা শান্তিপ্রিয় মানুষ। কিন্তু আওয়ামী দোসর শামীম ও তার সহযোগীরা আমাদের সমাজের রাস্তা দখল করে জনগণকে অবরুদ্ধ করে রেখেছে। আমরা প্রশাসনের নিকট দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”