নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা জেলার সাভার সিআরপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাত ও ছিনতাইকারী চক্রের চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবি (উত্তর), ঢাকা জেলা। ঢাকা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়ের সার্বিক নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এই সফল অভিযানটি পরিচালিত হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা সাভার, আশুলিয়া ও ধামরাই থানার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি, ছিনতাই ও চুরিসহ নানা অপরাধ মূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেছে।
ঢাকা জেলা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও অপরাধ সংশ্লিষ্ট আরও আলামত উদ্ধারে জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।
ডিবি (উত্তর), ঢাকা জেলা পুলিশের এই অভিযানে স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ সুপার মহোদয় অপরাধ দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান এবং সাধারণ জনগণকে যেকোনো অপরাধ মূলক তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান।