বিদ্যুৎ চন্দ্র বর্মন, (নিজস্ব) প্রতিবেদকঃ ঢাকা-০৭ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের অন্যতম জনপ্রিয় অনুসন্ধানী গণমাধ্যম “বিডিসি ক্রাইম বার্তা” পরিবার। রাজধানীর একটি সৌজন্য সভায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যেখানে উভয় পক্ষই মতবিনিময় ও ভবিষ্যৎ সহযোগিতার নানা বিষয় তুলে ধরেন।
সৌজন্য সাক্ষাতে মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেন, ঢাকা-০৭ আসনের মানুষের সমস্যা, ভোগান্তি, এবং উন্নয়ন যাত্রা’কে গতিশীল করতে তিনি দীর্ঘদিন ধরে জনকল্যাণ মূলক কাজ করে আসছেন। রাজনীতির মাঠে ছাত্রজীবন থেকে শুরু করে যুবদলের কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত তাঁর বিস্তৃত অভিজ্ঞতা এবং ত্যাগ-সাহসের কথা তুলে ধরেন তিনি। এলাকাবাসীর প্রতি তাঁর অঙ্গীকার– স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব গড়ে তোলা।
বিডিসি ক্রাইম বার্তা পরিবার তাঁদের পক্ষ থেকে বলেন, সমাজের অনিয়ম, দুর্নীতি, অপরাধ প্রতিরোধে গণ মাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে তারা নিরপেক্ষ সাংবাদিকতা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দেশে প্রকৃত চিত্র তুলে ধরতে কাজ করছে। সাক্ষাৎকালে উভয় পক্ষই ভবিষ্যতে জনস্বার্থে তথ্য সহযোগিতা, মানবিক কর্মকাণ্ডে পারস্পরিক সমন্বয় এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন।
মীর নেওয়াজ আলী নেওয়াজ বিডিসি ক্রাইম বার্তা পরিবারের ভূমিকার প্রশংসা করে বলেন, “নির্ভীক সংবাদ পরিবেশন সমাজের জন্য আলো ছড়ায়। সত্য- নিষ্ঠ সাংবাদিকতাই জাতিকে সঠিক পথ দেখায়।”সৌজন্য সাক্ষাৎ শেষে বিডিসি ক্রাইম বার্তা পরিবার মীর নেওয়াজ আলী নেওয়াজের রাজনৈতিক অগ্রযাত্রা ও ঢাকা-০৭ আসনের উন্নয়নে তাঁর দৃঢ় ভূমিকার প্রশংসা করেন। দু’পক্ষই ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
ঢাকা-০৭ আসনের জনগণের উন্নয়ন, নিরাপত্তা, এবং নতুন প্রজন্মকে সুশিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই সাক্ষাৎকে স্থানীয়ভাবে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।